আজ ৩০ চৈত্র, বাংলা ১৪৩২ সনের শেষ দিন। বাংলা মাসের সর্বশেষ দিনটিকে সংক্রান্তি বলা হয়। দিন পেরুলেই আগামীকাল মঙ্গলবার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখ, শুরু হবে নতুন বাংলা বর্ষ ১৪৩৩।
বছরের শেষ দিন হিসেবে পুরাতনকে বিদায় ও নতুন বর্ষকে বরণ করার প্রস্তুতিতে প্রতিবছর চৈত্র সংক্রান্তিকে ঘিরে নানা আয়োজন দেখা যায়।
চৈত্র সংক্রান্তিকে অনুসরণ করেই পহেলা বৈশাখ উদযাপনের বিস্তৃত আয়োজন গড়ে উঠেছে বলে মনে করা হয়। তাই এটি বাঙালির অন্যতম অসাম্প্রদায়িক উৎসব হিসেবেও বিবেচিত।
এই দিনে সনাতন ধর্মাবলম্বীরা শাস্ত্র অনুযায়ী স্নান, দান, ব্রত ও উপবাস পালন করেন। অন্য ধর্মাবলম্বীরাও নিজ নিজ বিশ্বাস অনুযায়ী বিভিন্ন আচার-অনুষ্ঠানে অংশ নেন।
এছাড়া গ্রামবাংলায় চৈত্র সংক্রান্তি উপলক্ষে মেলা, লাঠিখেলা, গান, সংযাত্রা, রায়বেশে নৃত্য ও শোভাযাত্রার আয়োজন করা হয়। ব্যবসায়ীরা হালখাতার প্রস্তুতিও নেন।
চৈত্র সংক্রান্তির প্রধান আকর্ষণ চড়ক পূজা, যা গাজন উৎসবের একটি গুরুত্বপূর্ণ অংশ। এ উপলক্ষে শোভাযাত্রা বের হয়, যেখানে শিব-গৌরীসহ বিভিন্ন চরিত্রে সেজে ভক্তরা নৃত্য পরিবেশন করেন।
চৈত্র সংক্রান্তির মধ্য দিয়ে পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুন আশা ও সম্ভাবনা নিয়ে বরণ করা হবে নতুন বাংলা বছর। পহেলা বৈশাখের উৎসবে মিলিত হবে বাঙালির সর্বজনীন আনন্দ।
0 Comments