ইরানের বন্দরগুলো অবরোধের ঘোষণা দিয়েছে মার্কিন প্রতিরক্ষা বাহিনী। সোমবার ইরানের স্থানীয় সময় সকাল ১০টা (বাংলাদেশ সময় দুপুর ২টা ৩০ মিনিট) থেকে এ অবরোধ কার্যকর হওয়ার কথা রয়েছে।
অবরোধ কার্যকর হলে ইরানের বন্দরগুলোতে কোনো জাহাজ ভিড়তে পারবে না। একই সঙ্গে বর্তমানে অবস্থানরত জাহাজগুলোও বন্দর ত্যাগ করতে পারবে না। নির্দেশ অমান্য করলে সংশ্লিষ্ট জাহাজ লক্ষ্য করে হামলার হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকোম)।
রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় সেন্টকোম জানায়, আরব সাগর ও ওমান উপসাগর সংলগ্ন ইরানের সব বন্দর এই অবরোধের আওতায় থাকবে। ইরানের উপকূলীয় এলাকায় প্রবেশ বা বের হতে চাওয়া সব দেশের জাহাজের ক্ষেত্রে এ নির্দেশনা প্রযোজ্য হবে।
তবে হরমুজ প্রণালি দিয়ে ইরান ছাড়া অন্য দেশের বন্দরের উদ্দেশ্যে যাতায়াতকারী জাহাজের চলাচলে কোনো বাধা দেওয়া হবে না বলে জানানো হয়েছে।
বিভিন্ন দেশের বাণিজ্যিক জাহাজের সুবিধার্থে অবরোধ কার্যকরের আগে বিস্তারিত নোটিশ দেওয়ার কথাও উল্লেখ করা হয়েছে।
পাকিস্তানের ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রায় ২১ ঘণ্টার সংলাপ ব্যর্থ হওয়ার পর এই পদক্ষেপের ঘোষণা আসে। এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালিতে অবরোধ জারির হুমকি দেন।
সূত্র: রয়টার্স
0 Comments