রাজধানীর কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে ব্লেনডেড ক্লাস চালুর সিদ্ধান্ত

বিশ্বজুড়ে জ্বালানি সংকট, তীব্র যানজট ও প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থার বাস্তবতা বিবেচনায় রাজধানীর কিছু নির্বাচিত শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষামূলকভাবে অনলাইন ও সশরীরে ক্লাস মিলিয়ে ব্লেনডেড পদ্ধতি চালুর সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এ ঘোষণা দেন।

জানা গেছে, আগামী সপ্তাহ থেকে ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজসহ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হবে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সপ্তাহে ছয় দিন ক্লাস অনুষ্ঠিত হবে। এর মধ্যে তিন দিন অনলাইনে এবং তিন দিন সশরীরে ক্লাস নেওয়া হবে।

শনিবার, সোমবার ও বুধবার সশরীরে ক্লাস হবে। অন্যদিকে রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস পরিচালিত হবে। সাপ্তাহিক ছুটি থাকবে শুক্রবার।

শিক্ষকেরা শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিত থেকে ক্লাস নেবেন এবং যেসব প্রতিষ্ঠান এ পদ্ধতি চালু করতে সক্ষম, সেখানেই এটি বাস্তবায়ন করা হবে।

শিক্ষা মন্ত্রণালয় মনে করছে, এই পদ্ধতি শিক্ষার্থীদের সময় ও জ্বালানি সাশ্রয়ে সহায়ক হবে এবং আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থার সঙ্গে খাপ খাওয়াতে সহায়তা করবে।

Post a Comment

0 Comments