প্রাথমিকের ২ লাখ শিক্ষার্থী পাবে বিনামূল্যে স্কুল ড্রেস

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২ লাখ শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (৭ এপ্রিল) সকালে জাতীয় সংসদের প্রথম অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. সেলিম রেজার প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার শিক্ষাকে জাতির সর্বোচ্চ বিনিয়োগ হিসেবে বিবেচনা করে একটি গুণগত, জীবনমুখী ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে। নির্বাচনী ইশতেহার অনুযায়ী শিক্ষাখাতে বরাদ্দ ধাপে ধাপে জিডিপির ৫ শতাংশে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।

সিবি ডেক্স: তিনি আরও জানান, প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে চলতি অর্থবছরেই ২ লাখ শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ করা হবে এবং পর্যায়ক্রমে এ কার্যক্রম সকল উপজেলায় সম্প্রসারণ করা হবে। পাশাপাশি শিক্ষার্থীদের পুষ্টি চাহিদা পূরণে স্কুল ফিডিং বা মিড-ডে মিল চালুর পরিকল্পনাও রয়েছে।

এছাড়া নতুন প্রজন্মকে বৈশ্বিক প্রতিযোগিতার উপযোগী করতে শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন, ১৫০০ প্রতিষ্ঠানে ফ্রি ওয়াই-ফাই সংযোগ এবং শিক্ষার্থী-শিক্ষকদের জন্য ‘এডু-আইডি’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। মাধ্যমিক পর্যায়ে সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনাও রয়েছে বলে জানান তিনি।

Post a Comment

0 Comments