সিবি ডেক্স: নাটোর জেলায় বছরের প্রথম শিলাবৃষ্টিতে কৃষকদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে হঠাৎ শুরু হওয়া ঝোড়ো হাওয়া ও প্রবল শিলাবৃষ্টিতে চলনবিলসহ জেলার বিভিন্ন এলাকায় ফসলের মাঠ ক্ষতিগ্রস্ত হয়।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, বিকেল সাড়ে ৫টার দিকে আকাশ কালো মেঘে ঢেকে গেলে শুরু হয় শিলাবৃষ্টি। প্রায় ১৫ থেকে ২০ মিনিট স্থায়ী এই দুর্যোগে নাটোর সদর, বড়াইগ্রাম, বাগাতিপাড়া ও সিংড়া উপজেলায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে।
প্রাথমিকভাবে জানা গেছে, বোরো ধান, আম, কলা ও ভুট্টা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ধানের থোড় ও আধাপাকা শিষ ভেঙে যাওয়ায় ফলন বিপর্যয়ের আশঙ্কা রয়েছে। একইভাবে আমের গুটি ঝরে পড়ায় বাগান মালিকরাও দিশেহারা হয়ে পড়েছেন।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক হাবিবুল ইসলাম খান জানান, মাঠ পর্যায়ে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নির্ধারণে কাজ চলছে। দ্রুত তালিকা করে ক্ষতিগ্রস্ত কৃষকদের সরকারি সহায়তার আওতায় আনা হবে।
0 Comments