বাঁশখালীতে মাকে হত্যার মামলায় ছেলে-স্ত্রী গ্রেপ্তার চকরিয়ায় অভিযান

সিবি ডেক্স: চট্টগ্রামের বাঁশখালীর চাঞ্চল্যকর মাকে গলা কেটে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় পলাতক আসামি ছেলে মো. কাসেম (২৮) ও তার স্ত্রী নার্গিস আক্তারকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১ এপ্রিল সন্ধ্যায় মামলার তদন্তকারী কর্মকর্তা ও বাঁশখালী থানার উপপরিদর্শক (এসআই) বিভাস কুমার সাহার নেতৃত্বে পুলিশের একটি দল র‍্যাব-৭ ও র‍্যাব-১৫ এর সহযোগিতায় কক্সবাজারের চকরিয়া উপজেলায় অভিযান পরিচালনা করে।

অভিযানকালে নিজ গর্ভধারিণী মাকে হত্যার এজাহারভুক্ত আসামি মো. কাসেম ও তার স্ত্রীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার কাসেম বৈলছড়ি ইউনিয়নের পূর্ব বৈলছড়ি গ্রামের অভ্যারখীল এলাকার মোজাফফর আহমদের ছেলে।

পুলিশ জানায়, মাকে হত্যার পর থেকে তারা দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ সাইফুল্লাহ বলেন, গ্রেপ্তার কাসেম ও তার স্ত্রী নার্গিস আক্তারকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Post a Comment

0 Comments