আল-আকসায় গিয়ে নিজেকে ‘মাস্টার’ দাবি ইসরায়েলি মন্ত্রীর

সিবি ডেক্স: আল-আকসা মসজিদ-এ গিয়ে নিজেকে ‘মাস্টার’ হিসেবে দাবি করেছেন ইসরায়েলের নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গিভির। রোববার (১২ এপ্রিল) তিনি আল-আকসা প্রাঙ্গণ পরিদর্শন করেন, যাকে ইসরায়েলিরা ‘টেম্পল মাউন্ট’ নামে অভিহিত করে।

সেখানে অবস্থানকালে তিনি বলেন, বর্তমানে পরিস্থিতি এমন হয়েছে যে, তিনি নিজেকে ওই স্থানের ‘মাস্টার’ মনে করছেন। একই সঙ্গে আল-আকসায় ইহুদিদের প্রবেশ আরও বাড়ানোর জন্য তিনি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু-র প্রতি আহ্বান জানান।

চুক্তি অনুযায়ী, আল-আকসা প্রাঙ্গণে ইহুদিরা প্রবেশ করতে পারলেও সেখানে নামাজ বা প্রার্থনা করতে পারেন না। তবে সাম্প্রতিক সময়ে ইসরায়েলি মন্ত্রীরা এ চুক্তি লঙ্ঘন করছেন বলে অভিযোগ উঠেছে।

বেন গিভির দাবি করেন, অতীতের তুলনায় বর্তমানে আল-আকসার পরিস্থিতিতে বড় পরিবর্তন এসেছে। তিনি বলেন, কিশোর বয়সে সেখানে গেলে তিনি ভয় পেতেন, কিন্তু এখন ইহুদিরা সেখানে প্রার্থনা করতে পারছেন।

তিনি আরও বলেন, আগে ফিলিস্তিনিরা ‘আল্লাহু আকবর’ ধ্বনি দিয়ে তাদের ঘিরে ধরত এবং কেউ নিচু স্বরে কিছু বললেও তাকে গ্রেপ্তার করা হতো। কিন্তু এখন পরিস্থিতি ভিন্ন বলে দাবি করেন তিনি।

এদিকে তার এই মন্তব্য ও আচরণের তীব্র নিন্দা জানিয়েছে জর্ডান। বর্তমানে জর্ডানের ওয়াকফ বোর্ড আল-আকসা মসজিদের দেখভালের দায়িত্বে রয়েছে।

Post a Comment

0 Comments