সিবি ডেক্স: বাংলাদেশ ব্যাংক সাধারণ গ্রাহকদের ছেঁড়া-ফাটা বা ময়লাযুক্ত নোট বদলে দেওয়ার জন্য দেশের সব ব্যাংককে নির্দেশ দিয়েছে। এ জন্য প্রতিটি ব্যাংকের প্রতিটি শাখায় আলাদা কাউন্টার চালু করতে বলা হয়েছে।
রোববার কেন্দ্রীয় ব্যাংক থেকে জারি করা এক সার্কুলারে বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে এ নির্দেশনা পাঠানো হয়। এতে বিষয়টিকে অতীব গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করা হয়েছে।
সার্কুলারে বলা হয়, বাজারে ছেঁড়া-ফাটা ও ময়লাযুক্ত নোটের পরিমাণ বেড়ে গেছে। ব্যাংকগুলোর এসব নোট বদলে দেওয়ার নির্দেশনা থাকলেও বাস্তবে তা যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে না। ফলে বাজারে এ ধরনের নোটের প্রচলন আরও বৃদ্ধি পেয়েছে।
এ পরিস্থিতিতে ৫, ১০, ২০ ও ৫০ টাকার ছেঁড়া-ফাটা ও ময়লাযুক্ত নোট বদলে দিতে প্রতিটি শাখায় বিশেষ কাউন্টার খোলার নির্দেশ দেওয়া হয়েছে।
একই সঙ্গে কোনো ব্যাংক শাখা যদি গ্রাহকদের এসব নোট বদলে দিতে ব্যর্থ হয়, তাহলে সংশ্লিষ্ট শাখার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও সার্কুলারে উল্লেখ করা হয়েছে।
0 Comments