আসাদুজ্জামান নূরের আয়কর নথি জব্দের নির্দেশ

সিবি ডেক্স: দুর্নীতির অভিযোগে আওয়ামী লীগ সরকারের সাবেক সংস্কৃতিমন্ত্রী ও অভিনেতা আসাদুজ্জামান নূরের আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার (৮ এপ্রিল) দুদকের আবেদনের প্রেক্ষিতে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। দুদকের পক্ষে সহকারী পরিচালক ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো. ফেরদৌস রহমান আয়কর নথি জব্দের আবেদন করেন।

আবেদনে বলা হয়, আসাদুজ্জামান নূরের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৫ কোটি ৩৭ লাখ ১ হাজার ১৯০ টাকার সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এছাড়া তার নামে ১৯টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের হিসাবে ১৫৮ কোটি ৭৮ লাখ ৪৭ হাজার ৮৯৮ টাকার সন্দেহজনক লেনদেন পাওয়া গেছে।

এসব অভিযোগে তার বিরুদ্ধে মানিলন্ডারিং প্রতিরোধ আইনে মামলা করেছে দুদক। মামলাটি তদন্তাধীন রয়েছে এবং সুষ্ঠু তদন্তের স্বার্থে তার আয়কর সংক্রান্ত সকল নথি জব্দ করে পর্যালোচনা প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়।

Post a Comment

0 Comments