শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, দেশে এমপিওভুক্ত স্কুল ও কলেজ মিলিয়ে শিক্ষকের মোট শূন্যপদের সংখ্যা দাঁড়িয়েছে ৬০ হাজার ২৯৫টি।
বুধবার (৮ এপ্রিল) জাতীয় সংসদে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য মো. আবুল হাসনাতের তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য তুলে ধরেন।
শিক্ষামন্ত্রী জানান, সরকারি কলেজে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারভুক্ত প্রভাষক পদের শূন্য সংখ্যা ৬৫৬টি এবং নন-ক্যাডার প্রভাষক পদের শূন্য সংখ্যা ২ হাজার ৪১০টি। এছাড়া বেসরকারি এমপিওভুক্ত কলেজে অধ্যক্ষ ও উপাধ্যক্ষের ১ হাজার ৩৪৯টি পদ শূন্য রয়েছে। একই সঙ্গে এমপিওভুক্ত কলেজে শিক্ষক নিয়োগের জন্য ১ হাজার ৩৪৪টি পদে নিয়োগ কার্যক্রম চলমান রয়েছে।
তিনি আরও জানান, এসব শূন্যপদ পূরণে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। সরকারি কলেজে প্রভাষক নিয়োগের জন্য ৪৫তম, ৪৬তম, ৪৭তম, ৪৯তম ও ৫০তম বিসিএসের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া চলছে।
এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র মাধ্যমে স্বচ্ছ ও মেধাভিত্তিক প্রক্রিয়া অব্যাহত রয়েছে বলেও জানান তিনি। এ লক্ষ্যে ২৯ মার্চ ২০২৬ তারিখে e-Requisition সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং প্রাপ্ত তথ্য অনুযায়ী শূন্য পদ পূরণে পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে।
এছাড়া প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধানের ১১ হাজার ১৫১টি শূন্য পদ পূরণে ৮ম এনটিআরসিএ নিয়োগ পরীক্ষা-২০২৬ (সংশোধিত) আয়োজন করা হয়েছে এবং আবেদন গ্রহণ কার্যক্রম ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
শিক্ষামন্ত্রী আশা প্রকাশ করেন, চলমান এসব কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে শূন্য পদগুলো দ্রুত পূরণ করা সম্ভব হবে।
0 Comments