গোয়ালন্দে নেশার টাকা না পেয়ে মাকে কুপিয়ে জখম ছেলের

রাজবাড়ীর গোয়ালন্দে নেশার টাকা না দেওয়ায় ছেলের ধারালো অস্ত্রের কোপে মা শিখা রানী ঘোষ (৪০) গুরুতর জখম হয়েছেন। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে গোয়ালন্দ পৌরসভার ৪নং ওয়ার্ড ক্ষুদিরাম সরকার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় শুক্রবার সকালে গোয়ালন্দ ঘাট থানায় একটি মামলা দায়ের হয়েছে।

আহত শিখা রানী ঘোষ ওই এলাকার সুজিতের স্ত্রী এবং অভিযুক্ত গোবিন্দ ঘোষের মা।

এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, নেশায় আসক্ত গোবিন্দ ঘোষ (২০) মায়ের কাছে নেশার টাকা চাইলে তাকে গালিগালাজ করেন শিখা রানী। এতে ক্ষিপ্ত হয়ে রাতের দিকে লোহার দা দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে।

এ সময় শিখা রানীর মায়ের চিৎকারে তার ভাই ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঘটনার পর স্থানীয়রা অভিযুক্ত গোবিন্দ ঘোষকে ঘরের ভেতরে আটক রেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে একটি দা ও অন্যান্য আলামত জব্দ করে এবং তাকে হেফাজতে নেয়।

গোয়ালন্দ ঘাট থানার ওসি (তদন্ত) মো. রাশিদুল ইসলাম জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক করে এবং ব্যবহৃত অস্ত্র উদ্ধার করে। ভুক্তভোগীর পরিবার থানায় মামলা দায়ের করেছে। পরে আসামিকে শুক্রবার দুপুরে রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে।

Post a Comment

0 Comments