গাজীপুরের কাপাসিয়া উপজেলায় এক বিরল ঘটনার জন্ম দিয়েছে একটি সাধারণ পরিবার। উপজেলার টোক ইউনিয়নের দিগাবো গ্রামের এক গৃহবধূ একসঙ্গে পাঁচটি সন্তান প্রসব করেছেন, যা স্থানীয়দের পাশাপাশি চিকিৎসা মহলেও আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
গত ৫ এপ্রিল রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে মা মাসুমা বেগম (৩০) এই পাঁচ সন্তানের জন্ম দেন। নবজাতকদের মধ্যে তিনজন ছেলে ও দুইজন মেয়ে রয়েছে। হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে প্রসব কার্য সম্পন্ন হয়।
পরিবার সূত্রে জানা যায়, দিগাবো গ্রামের বাসিন্দা কাজল মিয়ার স্ত্রী মাসুমা প্রসব বেদনা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর চিকিৎসকরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করেন। সফলভাবে অপারেশনের মাধ্যমে পাঁচটি শিশুর জন্ম হয়।
চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, একসঙ্গে পাঁচটি শিশুর জন্ম অত্যন্ত বিরল এবং ঝুঁকিপূর্ণ। সেবা প্রদানকারী ডা. কামরুজ্জামান সেলিম জানান, সাধারণত এমন ক্ষেত্রে নবজাতকদের ওজন কম থাকে এবং নানা জটিলতার আশঙ্কা থাকে। তবে এই ক্ষেত্রে পাঁচটি শিশুর সম্মিলিত ওজন প্রায় ৮ কেজি, প্রতিটির ওজন গড়ে ১.৪ থেকে ১.৫ কেজির মধ্যে, যা তুলনামূলকভাবে আশাব্যঞ্জক।
বর্তমানে মা ও নবজাতকরা সবাই সুস্থ ও আশঙ্কামুক্ত রয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।
এদিকে এই বিরল ঘটনা ছড়িয়ে পড়লে এলাকায় উৎসুক মানুষের ভিড় বাড়ছে। তবে নবজাতকদের বাবা-মা এই মুহূর্তে গণমাধ্যমের সামনে আসতে অনাগ্রহী। তারা সন্তানদের সুস্থতা ও পরিবারের গোপনীয়তাকে প্রাধান্য দিচ্ছেন বলে জানা গেছে।
0 Comments