মাদারীপুরে মিনি ট্রাকে দুঃসাহসিক চুরি, কয়েক দোকানে লুট

মাদারীপুর পৌর শহরে সংঘবদ্ধ চোরচক্রের দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। একটি মিনি ট্রাক ব্যবহার করে শহরের বিভিন্ন এলাকায় অন্তত তিনটি দোকানসহ চার স্থানে ধারাবাহিকভাবে চুরি সংঘটিত হয়েছে। এতে ব্যবসায়ী মহলে চরম ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে।

পুলিশ ও ব্যবসায়ী সূত্রে জানা যায়, শুক্রবার ভোর ৪টার দিকে ৪/৫ জনের একটি সংঘবদ্ধ চোরচক্র মিনি ট্রাক নিয়ে শহরের বিভিন্ন স্থানে একের পর এক দোকানের শাটার ভেঙে ভেতরের মালামাল ট্রাকে তুলে নিয়ে পালিয়ে যায়।

শহরের শহীদ বাচ্চু সড়ক সংলগ্ন সাইফুল্লাহ এন্টারপ্রাইজে শাটার ভেঙে ঢালাই কাজে ব্যবহৃত ৫ ড্রাম কেমিক্যাল চুরি করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ২০ হাজার টাকা। প্রতিষ্ঠানটির মালিক সালাউদ্দিন দ্রুত তদন্ত করে চোরদের শনাক্ত ও গ্রেফতারের দাবি জানিয়েছেন।

একই সময় পাশের দোকান মেসার্স জাকির স্টিল থেকেও শাটার ভেঙে প্রায় ৩ লাখ টাকার ওয়েল্ডিং রড নিয়ে যায় চোরেরা। দোকান মালিক স্বপন খান জানান, এতে তিনি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।

সবচেয়ে বড় চুরির ঘটনা ঘটে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মন্টু ভুঁইয়া সড়কে। সেখানে একটি দোকান থেকে ট্রাকভর্তি করে প্রায় ২৫০টি ইজিবাইকের ব্যাটারি নিয়ে যায় চোরচক্র। দোকান মালিক মোহাম্মদ কিসলু জানান, এতে তার প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

ঘটনার সময় এক নৈশপ্রহরী বাধা দিতে গেলে চোরেরা তাকে মারধর করে মুখ বেঁধে রাস্তার পাশে ফেলে রেখে যায় বলে অভিযোগ রয়েছে।

এছাড়া বৃহস্পতিবার রাত আনুমানিক ৮টার দিকে ইউনাইটেড ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের নির্মাণাধীন ভবন থেকেও প্রায় ২০ হাজার টাকার মালামাল চুরি করা হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত শুরু করেছে।

মাদারীপুর জেলার পুলিশ সুপার হাবিবুর রহমান জানান, প্রতিটি ঘটনার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে এবং জড়িত চোরচক্রকে দ্রুত শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

স্থানীয়দের অভিযোগ, শহরে আইন-শৃঙ্খলার অবনতি ঘটায় সম্প্রতি চুরির ঘটনা বেড়েছে। তারা দ্রুত চোরচক্রকে গ্রেফতার এবং পুলিশি টহল জোরদারের দাবি জানিয়েছেন। এতে পুরো পৌর শহরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

Post a Comment

0 Comments