সিবি ডেক্স: মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতের কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরের কার্যক্রম পুনরায় চালু করা হয়েছে।
সোমবার (৬ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের কেরুনতলী এলাকায় নাফ নদীসংলগ্ন স্থলবন্দর পরিদর্শন শেষে অনুষ্ঠিত বৈঠকে এ ঘোষণা দেন নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান।
তিনি জানান, স্থলবন্দর সচল করতে প্রয়োজনীয় কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। ব্যবসায়ী, বিজিবি, কোস্ট গার্ডসহ সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করে এবং সিএন্ডএফ এজেন্ট, কাস্টমস, এনবিআরসহ স্টেকহোল্ডারদের মতামতের ভিত্তিতে জনগণের দাবির পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ ও মিয়ানমার সরকারের সমন্বয়ের মাধ্যমে সীমান্ত বাণিজ্য কার্যক্রম পরিচালিত হবে এবং বাণিজ্য সচল রাখার লক্ষ্যেই টেকনাফ স্থলবন্দর পুনরায় চালু করা হয়েছে।
এদিকে টেকনাফ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মুহাম্মদ মানজারুল মান্নান জানান, বন্দর আনুষ্ঠানিকভাবে খোলা থাকলেও আগে কিছু নিরাপত্তা ঘাটতি ছিল। বর্তমানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে সেই সমস্যাগুলো কাটিয়ে ওঠা হয়েছে এবং পণ্য আমদানি-রফতানিতে আর বড় কোনো বাধা নেই।
দীর্ঘদিন পর বন্দর চালু হওয়ায় সীমান্ত বাণিজ্য আবার সচল হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
0 Comments