সিবি ডেক্স: নীলফামারীর সদর উপজেলায় জমি লিখে না দেওয়ায় বৃদ্ধ মায়ের ঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে নুর আলম (৪০) নামে এক ছেলের বিরুদ্ধে। মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে টুপামারি ইউনিয়নের মোজামের মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
নুর আলম ওই এলাকার মৃত জয়নাল হোসেন ও নুরজাহান বেগমের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, নুর আলম দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ায় আসক্ত। তিনি বাড়ির বিভিন্ন জিনিসপত্র বিক্রি করে জুয়া খেলতেন। বাবার সূত্রে পাওয়া তার মা ও বোনের জমি দীর্ঘদিন ধরে নিজের নামে লিখে নেওয়ার জন্য চাপ দিয়ে আসছিলেন।
মঙ্গলবার সকালে তিনি তার মা ও বোনকে জমি লিখে দেওয়ার জন্য চাপ দেন। তারা রাজি না হলে বিকেলের দিকে নুর আলম তার মায়ের ঘরে আগুন ধরিয়ে দেন বলে অভিযোগ রয়েছে। এতে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং ঘরসহ সব জিনিসপত্র পুড়ে যায়।
পরে স্থানীয়রা আগুন দেখে ফায়ার সার্ভিসে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ভুক্তভোগী নুরজাহান বেগম বলেন, তার ছেলে দীর্ঘদিন ধরে জুয়ায় আসক্ত হয়ে সবকিছু বিক্রি করে দিয়েছে। এখন জমি লিখে না দেওয়ায় তাদের ভয়ভীতি দেখাচ্ছিল এবং শেষ পর্যন্ত ঘরে আগুন দিয়েছে।
নীলফামারী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক বাদশা মাউদস আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তদন্ত শেষে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হবে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, আগুন দেওয়ার ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
0 Comments