সিবি ডেক্স: ময়মনসিংহের গৌরীপুরে জ্বালানি তেলের কৃত্রিম সংকট সৃষ্টি ও অবৈধ মজুদের অভিযোগে ‘মেসার্স সোয়াদ ফিলিং স্টেশন’-এ ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছে। এতে গত ৬ দিনে প্রায় ৫০ হাজার লিটার পেট্রোল গায়েব হওয়ার তথ্য পাওয়া গেছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে উপজেলার ডৌহাখলা ইউনিয়নের কলতাপাড়া এলাকায় অবস্থিত ওই ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুল হুদা মনি।
অভিযানকালে ডিপো থেকে সরবরাহকৃত জ্বালানির চালান ও স্টেশনের মজুদ যাচাই করা হয়। নথি অনুযায়ী, গত ১ এপ্রিল থেকে ৭ এপ্রিল পর্যন্ত ভৈরব বাজার ডিপো থেকে মোট ৫৮ হাজার ৫০০ লিটার জ্বালানি তেল সরবরাহ করা হয়। তবে ফিলিং স্টেশন কর্তৃপক্ষ দাবি করে, তারা মাত্র ৯ হাজার লিটার তেল পেয়েছে। বাকি প্রায় ৫০ হাজার লিটার তেলের কোনো সদুত্তর দিতে পারেনি তারা।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাজারে কৃত্রিম সংকট তৈরি করে অধিক মুনাফার উদ্দেশ্যে তেল অন্যত্র সরিয়ে ফেলা হয়েছে।
এ ঘটনায় বিভ্রান্তিকর তথ্য প্রদান ও সরকারি কাজে অসহযোগিতার অভিযোগে ফিলিং স্টেশনের ম্যানেজার মো. জলিল হোসেন রিফাতকে আটক করা হয়। তিনি উপজেলার ২নং গৌরীপুর ইউনিয়নের হিম্মতনগর গ্রামের বাসিন্দা।
পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সার্টিফিকেট সহকারী মো. আফসারুল ইসলাম বাদী হয়ে গৌরীপুর থানায় মামলা দায়ের করেন।
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং পাম্পের ম্যানেজারকে গ্রেপ্তার করা হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই ফিলিং স্টেশনে তেলের সংকট দেখিয়ে সাধারণ গ্রাহকদের ফিরিয়ে দেওয়া হতো, অথচ গোপনে বেশি দামে তেল বিক্রি করা হচ্ছিল।
0 Comments