সিবি ডেক্স: পেশায় রাজমিস্ত্রি হলেও প্রেমিকার কাছে নিজেকে পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) পরিচয় দিতেন দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার মোস্তাফিজুর রহমান (২৮)। তবে ভুয়া আইডি কার্ড বানাতে গিয়ে শেষ পর্যন্ত পুলিশের হাতে আটক হয়েছেন তিনি।
মঙ্গলবার দুপুরে রংপুর প্রেসক্লাব মার্কেটের একটি দোকান থেকে তাকে আটক করা হয়। তিনি দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার দুমাইল গ্রামের বাসিন্দা।
প্রেসক্লাব মার্কেটের দোকান মালিক মিজানুর রহমান জানান, মোস্তাফিজুর নিজেকে এএসপি পরিচয় দিয়ে একটি আইডি কার্ড প্রিন্ট করতে দোকানে আসেন। তার কথাবার্তা সন্দেহজনক মনে হলে তাকে আটক করে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে তাকে থানায় নিয়ে যায়।
আটক মোস্তাফিজুর রহমান বলেন, আগে তিনি একটি কোম্পানিতে চাকরি করলেও বর্তমানে রাজমিস্ত্রির কাজ করেন। যাকে তিনি পছন্দ করেন, তার কাছে নিজেকে বড় পুলিশ কর্মকর্তা হিসেবে পরিচয় দিতেন। ওই নারী তার কাছে পরিচয়পত্র দেখতে চাইলে আস্থা অর্জনের জন্য তিনি ভুয়া এএসপি আইডি কার্ড বানাতে যান।
রংপুর মহানগর পুলিশের কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান জানান, মোস্তাফিজুরের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে তাকে মানসিকভাবে অসুস্থ বলে দাবি করা হয়েছে। এ বিষয়ে প্রমাণপত্র চাওয়া হয়েছে এবং যাচাই-বাছাই শেষে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
0 Comments