Recents in Beach

ব্রেকিং নিউজ

মধ্যবিত্ত জীবনের আখ্যান শঙ্খনীল কারাগার নিয়ে খুলনা বন্ধুসভার বিশেষ পাঠচক্র

মধ্যবিত্ত জীবনের আখ্যান শঙ্খনীল কারাগার নিয়ে খুলনা বন্ধুসভার বিশেষ পাঠচক্র

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের কালজয়ী উপন্যাস ‘শঙ্খনীল কারাগার’ নিয়ে পাঠচক্রের আসর আয়োজন করেছে খুলনা বন্ধুসভা। গত ২৪ এপ্রিল বিকেলে সংগঠনের সাধারণ সম্পাদক ফারজানা যুথির সঞ্চালনায় এই অনুষ্ঠানটি সম্পন্ন হয়। ১৯৭৩ সালে প্রথম প্রকাশিত এই উপন্যাসটি কেন আজও পাঠকহৃদয়ে অম্লান হয়ে আছে, তা নিয়ে পাঠচক্রে দীর্ঘ আলোচনা করা হয়।

আলোচনায় অংশগ্রহণকারী বন্ধুরা হুমায়ূন আহমেদের লেখনীর প্রশংসা করে বলেন, সাবলীল ভাষা এবং অতি সাধারণ জীবনের অসাধারণ রূপায়ণই এই উপন্যাসকে জনপ্রিয়তার শীর্ষে রেখেছে। মধ্যবিত্ত পরিবারের টানাপোড়েন, ত্যাগ আর অদৃশ্য এক মায়ার বন্ধন কীভাবে ‘শঙ্খনীল কারাগার’ হয়ে ওঠে, তা বিস্তারিতভাবে উঠে আসে।

সহসাংগঠনিক সম্পাদক জয়ন্ত গাইন উপন্যাসের চরিত্রগুলো বিশ্লেষণ করে বলেন, গল্পের কেন্দ্রে থাকা খোকা ও তার পরিবারকে ঘিরেই মূল সংকটের সূচনা। খোকার বাবার অসুস্থতা পুরো পরিবারকে অর্থনৈতিক ও মানসিক অনিশ্চয়তার মধ্যে ফেলে দেয়। এছাড়া রাবেয়া, কিটকি ও মন্টু চরিত্রের মাধ্যমে সম্পর্কের যে জটিল জাল তৈরি হয়েছে, তা জীবনের ভিন্ন ভিন্ন মাত্রা যোগ করে।

দপ্তর সম্পাদক আল্ রাইসা তার বক্তব্যে উল্লেখ করেন, মানুষ কেবল বাহ্যিক নয়, সম্পর্কের ভেতরেও বন্দী হয়ে পড়ে; আর সেই অদৃশ্য বন্দিত্বই হয়ে ওঠে জীবনের প্রকৃত শঙ্খনীল কারাগার। অনুষ্ঠানটিতে আরও উপস্থিত ছিলেন খুলনা বন্ধুসভার সভাপতি স্বর্ণকমল রায়, সাবেক সাধারণ সম্পাদক এম এম মাসুম বিল্যাহ, সহসভাপতি দীপু রায়সহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

সংক্ষেপে:
নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের কালজয়ী উপন্যাস শঙ্খনীল কারাগার নিয়ে পাঠচক্রের আয়োজন করেছে খুলনা বন্ধুসভা। মধ্যবিত্ত জীবনের টানাপোড়েন ও সম্পর্কের অদৃশ্য মায়াজাল নিয়ে আলোচনা করেন বক্তারা।

সূত্র: Prothom Alo

Post a Comment

0 Comments