সিবি ডেক্স: গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার একটি পেট্রল পাম্পে তেল নেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে ছুরিকাঘাতে তিন যুবক আহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত এক যুবককে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুর পৌনে ১২টার দিকে উপজেলার মেসার্স পলাশবাড়ী ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকে শৃঙ্খলার সঙ্গে পেট্রল নিচ্ছিলেন বাইকাররা। এ সময় লাইনে দাঁড়ানোকে কেন্দ্র করে রেজওয়ান আহমেদ (২৭) নামে এক যুবকের সঙ্গে অন্যদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে রেজওয়ান ধারালো অস্ত্র দিয়ে কাওসার (২৫), জাহিদ (২৩) ও সিহাব (২২) নামের তিন যুবককে আঘাত করেন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে পলাশবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহতদের মধ্যে সিহাবের অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ঘটনার পর উপজেলা প্রশাসন ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাবের আহমেদ বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। খবর পেয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সারোয়ারে আলম খান জানান, ঘটনার সঙ্গে জড়িত রেজওয়ান আহমেদকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
0 Comments