ভোলা হাসপাতালে চিকিৎসাধীন নারী ধর্ষণের অভিযোগে যুবক আটক

সিবি ডেক্স: ভোলার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে হাসপাতালের তৃতীয় তলার একটি নির্জন স্থানে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় জড়িত সন্দেহে আরিফ নামে এক যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। তিনি বেসরকারি ক্লিনিকের প্রতিনিধি (দালাল) হিসেবে কাজ করতেন বলে জানা গেছে।

হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অভিযুক্ত ব্যক্তি ওষুধ দেওয়ার প্রলোভন দেখিয়ে তাকে কৌশলে তৃতীয় তলার একটি নির্জন স্থানে নিয়ে যান। সেখানে তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয় বলে অভিযোগ।

এ সময় ভুক্তভোগীর চিৎকার শুনে আশপাশের লোকজন ও অন্যান্য রোগীর স্বজনরা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে অভিযুক্তকে হাতেনাতে আটক করেন এবং পরে পুলিশের কাছে সোপর্দ করেন।

সরকারি হাসপাতালের ভেতরে এমন ঘটনায় সাধারণ মানুষ ও সংশ্লিষ্টদের মধ্যে তীব্র উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক মো. তৈয়বুর রহমান বলেন, হাসপাতালের ভেতরে এ ধরনের ঘটনা অত্যন্ত দুঃখজনক এবং অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, ধর্ষণের ঘটনায় জড়িত ব্যক্তিকে আটক করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Post a Comment

0 Comments