নারায়ণগঞ্জের ফতুল্লায় নকল টিকা কার্ড তৈরি করে শিশুদের টিকা দেওয়ার নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে এক নারীকে কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ আদেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এসএম ফয়েজ উদ্দিন।
দণ্ডপ্রাপ্ত আফরোজা বেগম উত্তর চাষাড়া রামবাবু পুকুরপাড় এলাকার মৃত আমিনুল হোসেনের কন্যা।
এর আগে তল্লা নতুন বাড়ি মসজিদ এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে নকল টিকা কার্ড, হাম ও হেপাটাইটিস বি টিকা, সিরিঞ্জ এবং ওজন মাপার যন্ত্র জব্দ করা হয়েছে।
ভুক্তভোগীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই নারী নকল টিকা কার্ড তৈরি করে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন এবং একটি প্রতারক চক্রের সক্রিয় সদস্য হিসেবে কাজ করছিলেন।
এ বিষয়ে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা এসএম ফয়েজ উদ্দিন জানান, ভুয়া টিকা কার্ডের মাধ্যমে প্রতারণার দায়ে দণ্ডবিধি আইন ১৮৬০-এর ২৬৯ ধারায় তাকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
0 Comments