ভুল এবং অপতথ্যের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। উপদেষ্টা স্পষ্ট করে জানান, গণমাধ্যমের তৈরি করা কোনো বিভ্রান্তিকর ফটোকার্ড সরকার মেনে নেবে না এবং এসব অপতৎপরতা বন্ধে প্রয়োজনে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
উপদেষ্টা তার বক্তব্যের উদাহরণ টেনে বলেন, সম্প্রতি একটি জাতীয় দৈনিকের ফটোকার্ডে তার বক্তব্য বিকৃত করা হয়েছে। খাল খনন কর্মসূচি নিয়ে তার দেওয়া তথ্যকে ভুলভাবে উপস্থাপন করে বিভ্রান্তি ছড়ানো হয়েছে। এছাড়া জ্বালানি তেলের দাম নিয়েও তার নামে অসত্য তথ্য ছড়ানো হচ্ছে বলে তিনি অভিযোগ করেন। তিনি বলেন, ব্যক্তিগতভাবে বা প্রাতিষ্ঠানিকভাবে অপতথ্য ছড়ানো একটি গুরুতর অপরাধ এবং সরকার এটি সহ্য করবে না।
সাংবাদিকদের উদ্দেশে ডা. জাহেদ উর রহমান বলেন, সরকার যৌক্তিক সমালোচনাকে স্বাগত জানায়, কিন্তু অপতথ্য বা ডিসইনফরমেশন কোনোভাবেই কাম্য নয়। এই ধরনের অপপ্রচার মোকাবিলায় দ্রুত একটি লিগ্যাল প্যানেল গঠন করা হচ্ছে যারা আইনগত বিষয়গুলো নিয়ে কাজ করবে। তিনি আরও যোগ করেন, সরকার তার মেয়াদের শেষ দিন পর্যন্ত গণমাধ্যমকে ভয় পেতে চায় এবং চায় গণমাধ্যম যেন গঠনমূলক সমালোচনার মাধ্যমে সক্রিয় থাকে।
ভুল তথ্য ও অপপ্রচারের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার। তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানিয়েছেন, বিভ্রান্তিকর ফটোকার্ড ও অপতথ্য প্রতিরোধে আইনি ব্যবস্থা নিতে লিগ্যাল প্যানেল গঠন করা হচ্ছে।
সূত্র: Jagonews24

0 Comments