পাবনার ঈশ্বরদীতে অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) জ্বালানি বা ইউরেনিয়াম লোডিং কার্যক্রম শুরু হতে যাচ্ছে। দেশের প্রথম এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদনের পথে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও চূড়ান্ত ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সবকিছু পরিকল্পনা অনুযায়ী সম্পন্ন হলে আগামী জুলাই মাসের শেষ দিকে অথবা আগস্টের শুরুতে এই কেন্দ্র থেকে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করা সম্ভব হবে। রুশ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার ভিত্তিতে আজ ২৮ এপ্রিল জ্বালানি লোডিংয়ের এই বিশেষ দিনটি নির্ধারণ করা হয়েছে।
আজকের এই ঐতিহাসিক মুহূর্তে উপস্থিত থাকার কথা রয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ এবং রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা ‘রোসাটম’-এর মহাপরিচালক আলেক্সি লিখাচেভ। এছাড়া আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার (আইএইএ) প্রতিনিধি ও রুশ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারাও অনুষ্ঠানে অংশ নেবেন। তবে বিশেষ কারণে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও রাশিয়ার প্রেসিডেন্ট এই অনুষ্ঠানে উপস্থিত থাকছেন না।
প্রকল্পের পরিকল্পনা অনুযায়ী, জ্বালানি লোডিং সম্পন্ন হওয়ার পরবর্তী তিন মাসের মধ্যে প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলক উৎপাদন শুরু হবে। প্রাথমিক পর্যায়ে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে এবং ধাপে ধাপে উৎপাদন বাড়িয়ে ২০২৭ সালের জানুয়ারির মধ্যে পূর্ণ সক্ষমতায় পৌঁছানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
এর আগে গত ১৬ এপ্রিল বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (বায়রা) প্রথম ইউনিটের কার্যক্রম শুরুর লাইসেন্স এবং ৫২ জন বিশেষজ্ঞের প্রয়োজনীয় অনুমোদন প্রদান করে। পদ্মা নদীর তীরে প্রায় ১২.৬৫ বিলিয়ন ডলার ব্যয়ে নির্মিত এই বিদ্যুৎ কেন্দ্রের দুটি ইউনিট থেকে মোট ২,৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য রয়েছে।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে জ্বালানি লোডিংয়ের খবরে এ অঞ্চলের সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা দিয়েছে। পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলাম জানান, বর্তমান বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে এই কেন্দ্রটি চালু হলে বাংলাদেশ একটি শক্তিশালী বিদ্যুতের উৎস পাবে। স্থানীয় বাসিন্দা ও বিশেষজ্ঞরা মনে করছেন, এই প্রকল্প চালু হলে দেশের বিদ্যুৎ খাতে আমদানিনির্ভর জ্বালানির ওপর চাপ কমবে এবং জাতীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে আজ থেকে শুরু হচ্ছে জ্বালানি লোডিং। আগস্টের মধ্যেই জাতীয় গ্রিডে পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহের আশা করা হচ্ছে। দেশের বিদ্যুৎ খাতে এটি এক নতুন দিগন্ত।

0 Comments