সিবি ডেক্স: বাংলাদেশের কর্পোরেট অঙ্গনের পরিচিত মুখ রুবাবা দৌলার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক হওয়ার পেছনের গল্প সামনে এসেছে। গত বছর নভেম্বরের শুরুতে জাতীয় ক্রীড়া পরিষদের মাধ্যমে তাকে বিসিবির পরিচালক হিসেবে মনোনয়ন দেওয়া হলে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।
শনিবার (১১ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বিষয়টি তুলে ধরেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের উপ-প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার।
তিনি জানান, বিসিবির গত নির্বাচনের সময় তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করায় পুরো প্রক্রিয়া সম্পর্কে তখন বিস্তারিত জানতেন না। নির্বাচনের পরদিন গভীর রাতে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ তাকে ফোন করে জানান, সরকার মনোনীত একজন পরিচালক পদত্যাগ করেছেন। একই সঙ্গে নির্বাচিত পরিচালকদের সবাই পুরুষ হওয়ায় একজন নারী পরিচালক অন্তর্ভুক্ত করার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করা হয়।
পরদিন বিসিবির প্রথম পরিচালনা পর্ষদের সভা থাকায় দ্রুত একজন উপযুক্ত নারী প্রার্থী খুঁজে বের করার উদ্যোগ নেওয়া হয়। তবে অল্প সময়ের মধ্যে উপযুক্ত কাউকে খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়ে। এ সময় রুবাবা দৌলার নাম প্রস্তাব করা হলে বিসিবি সভাপতি ও অন্যান্য পরিচালকদের সঙ্গে আলোচনার পর তার বিষয়ে সম্মতি পাওয়া যায়।
তবে শুরুতে তার সম্মতি নেওয়া হয়নি। পরে সার্চ কমিটির আহ্বায়ক জোবায়দুর রহমান রানা এবং আজাদ মজুমদার নিজে তার সঙ্গে যোগাযোগ করেন। রুবাবা দৌলা বিষয়টি ভেবে দেখার জন্য সময় চান এবং তার কর্মস্থলের অনুমতির প্রয়োজনীয়তার কথা জানান।
পরদিন সকালে তার প্রতিষ্ঠান থেকে অনুমতি না পাওয়ায় বিসিবির প্রথম সভায় পদটি শূন্য রাখা হয়। এ সময় বিষয়টি গণমাধ্যমে প্রকাশ পেলে সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে সমালোচনা ও সাইবার বুলিং শুরু হয়।
পরবর্তীতে দ্বিতীয় সভার আগে তার প্রতিষ্ঠান সম্মতি দিলে সরকার আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করে। সাইবার বুলিংয়ের কারণে কিছুটা বিব্রত হলেও শেষ পর্যন্ত তিনি দায়িত্ব গ্রহণ করে কাজ শুরু করেন।
বর্তমানে বিসিবিতে তার স্থলাভিষিক্ত হয়েছেন ব্যারিস্টার রাশনা ইমাম।
0 Comments