সিবি ডেক্স: শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. মাহমুদুল হক রুবেল বেসরকারি ফলাফলে বিপুল ব্যবধানে জয়লাভ করেছেন।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাত ৯টার দিকে শেরপুর জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন এ তথ্য জানান।
রিটার্নিং কার্যালয়ের তথ্য অনুযায়ী, ১২৮টি কেন্দ্রে রুবেল পেয়েছেন ১ লাখ ৬৬ হাজার ১১৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী মো. মাসুদুর রহমান পেয়েছেন ৪৭ হাজার ৫১ ভোট। বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের প্রার্থী মোহাম্মদ মিজানুর রহমান (কাঁচি) পেয়েছেন ৪৮০ ভোট।
এই নির্বাচনে রুবেল ১ লাখ ১৯ হাজার ৬৬ ভোটের বিশাল ব্যবধানে জয়লাভ করেন।
ভোটগ্রহণ সকাল ৭টা থেকে শুরু হয়ে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলে। তবে বেলা সাড়ে ৩টার দিকে অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন বর্জনের ঘোষণা দেন জামায়াত প্রার্থী মাসুদুর রহমান।
এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা বলেন, তাদের কাছে আনুষ্ঠানিক কোনো অভিযোগ আসেনি। টেলিফোনে পাওয়া অভিযোগগুলো তাৎক্ষণিকভাবে নিষ্পত্তি করা হয়েছে এবং নির্বাচন থেকে সরে দাঁড়ানো প্রার্থীর নিজস্ব রাজনৈতিক সিদ্ধান্ত।
উল্লেখ্য, শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলা নিয়ে গঠিত এই আসনে মোট ৪ লাখ ১৩ হাজার ৩৭৭ জন ভোটারের জন্য ১২৮টি ভোটকেন্দ্র স্থাপন করা হয়।
0 Comments