সিবি ডেক্স: জুলাই বিপ্লবী ও আধিপত্যবাদবিরোধী ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ ওসমান হাদী হত্যা মামলার দুই আসামিকে বাংলাদেশে ফেরত পাঠাতে সম্মত হয়েছে ভারত।
বুধবার (৮ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস. জয়শঙ্কর ও তেল ও প্রাকৃতিক গ্যাসমন্ত্রী হরদীপ সিং পুরির সঙ্গে বৈঠক করেন। বৈঠকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ উপস্থিত ছিলেন।
এছাড়া সফরের অংশ হিসেবে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গেও বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী।
বিবৃতিতে বলা হয়, দুই দেশের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী গ্রেপ্তারকৃত আসামিদের বাংলাদেশে ফেরত পাঠানো হবে। শহীদ ওসমান হাদীর সন্দেহভাজন হত্যাকারীদের গ্রেপ্তারে সহযোগিতার জন্য ভারত সরকারকে ধন্যবাদ জানিয়েছে বাংলাদেশ।
বৈঠকে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের প্রত্যর্পণের দাবিও পুনর্ব্যক্ত করা হয়।
এ সময় ভারতের পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশিদের জন্য বিশেষ করে চিকিৎসা ও ব্যবসায়িক ভিসা প্রক্রিয়া আগামী কয়েক সপ্তাহের মধ্যে সহজ করা হবে।
0 Comments