স্বামীর স্ট্রোকের খবর শুনে স্ত্রীর মৃত্যু, ভোলায় শোকের ছায়া

সিবি ডেক্স: ভোলার লালমোহনে স্বামীর স্ট্রোকের খবর শুনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে সালেকা বেগম (৬৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বর্তমানে তার স্বামী শাহজাহান বলি মুমূর্ষু অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার (৪ এপ্রিল) মধ্যরাতে বরিশালের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সালেকা বেগম মারা যান। রবিবার (৫ এপ্রিল) সকালে জানাজা শেষে নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

মৃত সালেকা বেগম লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের দক্ষিণ চতলা গ্রামের বড় ব্রিজ এলাকার বাসিন্দা। তিনি পাঁচ সন্তানের জননী ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে নিজ বাড়িতে হঠাৎ ব্রেন স্ট্রোক করেন শাহজাহান বলি। তাকে দ্রুত উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। স্বামীর এই অসুস্থতার খবর শুনে বাড়িতেই হার্ট অ্যাটাক করেন সালেকা বেগম। পরে তাকেও দ্রুত বরিশালে নেওয়া হয়।

মৃতের ছেলে নুরে আলম জানান, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দিবাগত মধ্যরাতে তার মা মারা যান। অন্যদিকে তার বাবা শাহজাহান বলির অবস্থাও আশঙ্কাজনক। বর্তমানে তাকে অক্সিজেন মাস্ক পরিয়ে রাখা হয়েছে।

এদিকে এক দম্পতির এমন মর্মান্তিক ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। একই সঙ্গে অসুস্থ বাবার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন পরিবারটি।

Post a Comment

0 Comments