নড়াইলে সাবেক স্বামীর ব্লেড হামলায় গৃহবধূ গুরুতর আহত

নড়াইলের নড়াগাতি থানার মাউলি ইউনিয়নের তেলিডাঙ্গা গ্রামে এক গৃহবধূকে তার তালাকপ্রাপ্ত সাবেক স্বামী ধারালো ব্লেড দিয়ে আঘাত করে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে।

রোববার (৫ এপ্রিল) গভীর রাতে এ ঘটনা ঘটে। আহত গৃহবধূ মিতু বেগম বর্তমানে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। অভিযুক্ত সাবেক স্বামীর নাম নুরে আলম মল্লিক।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় দেড় মাস আগে মিতুর সঙ্গে নুরে আলমের বিবাহবিচ্ছেদ হয়। মিতুর অভিযোগ, রাত আনুমানিক দেড়টার দিকে ঘরের বাইরে বের হলে ওত পেতে থাকা নুরে আলম তাকে পেছন থেকে ঝাপটে ধরে এবং ধারালো ব্লেড দিয়ে মুখ, চোখ ও গলায় উপর্যুপরি আঘাত করে।

তার চিৎকারে পরিবারের সদস্যরা এগিয়ে এলে হামলাকারী পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসকরা তার শরীরের বিভিন্ন স্থানে প্রায় ৪৫টি সেলাই দিয়েছেন।

আহতের পরিবার জানায়, নুরে আলম নেশাগ্রস্ত এবং তার বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তারা।

অভিযুক্তের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি বলে জানা গেছে।

নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহিম বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Post a Comment

0 Comments