জাতীয় ঈদগাহে প্রধান ঈদ জামাত, একসঙ্গে নামাজ আদায় রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর

সিবি ডেক্স: রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ মার্চ) সকাল সাড়ে ৮টায় এই প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান একসঙ্গে নামাজ আদায় করেন।

প্রধান জামাতে আরও অংশ নেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আবদুস সালাম, মন্ত্রিপরিষদের সদস্য, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, বিভিন্ন রাজনৈতিক নেতা, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, মুসলিম বিশ্বের কূটনীতিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মুসল্লিরা। নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি করেন।

ঈদের প্রধান জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক। দুই রাকাত ওয়াজিব নামাজ শেষে খুতবা প্রদান করা হয়।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় জাতীয় ঈদগাহ ময়দানে ঈদ জামাতের জন্য সার্বিক প্রস্তুতি নেওয়া হয়। নারীদের জন্য আলাদা প্রবেশপথ, ওজু ও নামাজের সংরক্ষিত ব্যবস্থা রাখা হয়। পাশাপাশি অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্য বিশেষ ব্যবস্থাও নিশ্চিত করা হয়।

এছাড়া মুসল্লিদের সুবিধার্থে পর্যাপ্ত ওজুখানা ও মেডিকেল টিম রাখা হয়। সব মিলিয়ে প্রায় ৩৫ হাজার মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়, যার মধ্যে সাড়ে তিন হাজার নারী মুসল্লির জন্য পৃথক ব্যবস্থা রাখা হয়েছিল।

Post a Comment

0 Comments