সিবি ডেক্স: মাসব্যাপী সিয়াম সাধনা ও ইবাদত-বন্দেগির পর যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পবিত্র ঈদুল ফিতরের প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ মার্চ) সকাল ৭টায় এই জামাত অনুষ্ঠিত হয়। প্রথম জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মিজানুর রহমান। নামাজের আগে তিনি উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে নসীহত ও বয়ান করেন।
ইসলামিক ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বায়তুল মোকাররমে মোট পাঁচটি ঈদ জামাত অনুষ্ঠিত হচ্ছে। প্রথম জামাত ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং পরবর্তী চারটি জামাত সকাল ৮টা, ৯টা, ১০টা ও বেলা পৌনে ১১টায় অনুষ্ঠিত হবে।
দ্বিতীয় জামাতে পেশ ইমাম মুফতি মুহিব্বুল্লাহিল বাকী নদভী, তৃতীয় জামাতে ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মাওলানা মো. জাকির হোসেন, চতুর্থ জামাতে ইমাম প্রশিক্ষণ একাডেমির ধর্মীয় প্রশিক্ষক মাওলানা যোবায়ের আহমেদ আল আযহারী এবং পঞ্চম জামাতে ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ ইমামতির দায়িত্ব পালন করবেন। এছাড়া বিকল্প ইমাম হিসেবে মাওলানা শহীদুল ইসলাম প্রস্তুত রয়েছেন।
এদিকে, পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই জামাতে ইমামতি করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক। তার অনুপস্থিতিতে বিকল্প হিসেবে দায়িত্ব পালন করবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফাসসির ড. মাওলানা মো. আবু ছালেহ পাটোয়ারী।
জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত প্রধান জামাতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমানসহ বিচারপতি, মন্ত্রিসভার সদস্য এবং বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিকরা অংশগ্রহণ করবেন।
0 Comments