সিবি ডেক্স: ঢাকা থেকে চট্টগ্রামগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের টিকিট কালোবাজারির ঘটনায় অনবোর্ড সেবা প্রদানকারী প্রতিষ্ঠান এস এ করপোরেশনের দুই স্টুয়ার্ডকে স্থায়ীভাবে বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠানটিকে প্রাথমিকভাবে ৭ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে বাংলাদেশ রেলওয়ে।
শুক্রবার (২০ মার্চ) রেলপথ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি একটি অনলাইন পোর্টালে প্রকাশিত ভিডিওতে সুবর্ণ এক্সপ্রেসের টিকিট কালোবাজারির সঙ্গে জড়িত একটি চক্রের দুই সদস্যকে দেখা যায়, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। প্রাথমিক অনুসন্ধানে ভিডিওটির সত্যতা পাওয়া যায়।
তদন্তে অনবোর্ড সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের কর্মচারী স্টুয়ার্ড মিনহাজুল ও ইমরানের সংশ্লিষ্টতা সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাদের চাকরি থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
এছাড়া সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এস এ করপোরেশনকে প্রাথমিকভাবে ৭ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে এবং আগামী ২৪ মার্চের মধ্যে এ বিষয়ে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে ব্যাখ্যা সন্তোষজনক না হলে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আইনানুগ আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
0 Comments