ঈদে অসহায়দের পাশে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

সিবি ডেক্স: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (২০ মার্চ) দেওয়া এক বাণীতে তিনি সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, ঈদুল ফিতর মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব, যা মাসব্যাপী সিয়াম সাধনার পর আনন্দ, শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে আসে। পবিত্র রমজান মাস সংযম, ত্যাগ, খেদমত ও আত্মশুদ্ধির শিক্ষা দেয় এবং মানুষকে অন্যের কষ্ট অনুভব করতে শেখায়। এর ফলে সমাজে সহমর্মিতা ও পারস্পরিক সহযোগিতার মনোভাব গড়ে ওঠে।

তিনি আরও বলেন, রমজানের শিক্ষা ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে প্রতিফলিত করাই ঈদের প্রকৃত তাৎপর্য। ঈদ ধনী-গরিব, ছোট-বড় সব ভেদাভেদ ভুলে পারস্পরিক ভালোবাসা ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হওয়ার আহ্বান জানায়।

প্রধানমন্ত্রী তারেক রহমান এদিন সবাইকে আহ্বান জানান, যেন ঈদের আনন্দ সবাই মিলে ভাগাভাগি করা হয় এবং অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক মূল্যবোধকে আরও সুদৃঢ় করা যায়।

তিনি আশা প্রকাশ করেন, পবিত্র ঈদুল ফিতর জাতীয় ঐক্য, সম্প্রীতি ও সহমর্মিতার বন্ধনকে আরও শক্তিশালী করবে। একই সঙ্গে একটি মানবিক, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান। শেষে মহান আল্লাহর কাছে দেশ ও জাতির শান্তি, অগ্রগতি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করেন তিনি।

Post a Comment

0 Comments