গৌরনদীতে তিন সড়ক দুর্ঘটনা, একদিনে আহত অন্তত ১৭ যাত্রী

সিবি ডেক্স: ঢাকা-বরিশাল মহাসড়কের বরিশালের গৌরনদীতে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় একদিনে অন্তত ১৭ জন যাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল থেকে বিকেল পর্যন্ত মহাসড়কের বিভিন্ন এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. মিজানুর রহমান জানান, বিকেল পৌনে চারটার দিকে মহাসড়কের কসবা এলাকায় ঢাকাগামী ‘বাউফল ট্রাভেলস’ বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা বরিশালগামী ‘এসএস পরিবহন’-এর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই বাসের অন্তত ১২ জন যাত্রী আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠান।

এছাড়া একইদিন মহাসড়কের অপর দুটি স্থানে ছোটখাটো আরও দুটি দুর্ঘটনায় ৫ জন আহত হয়েছেন বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে।

গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ জানান, কসবা এলাকার দুর্ঘটনাকবলিত বাস দুটিকে জব্দ করে থানায় নেওয়া হয়েছে। দুর্ঘটনার পর কিছু সময় মহাসড়কে যান চলাচল ব্যাহত হলেও পুলিশ দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Post a Comment

0 Comments