সিবি ডেক্স: ভারত থেকে বাংলাদেশি পাসপোর্টে দেশে ফেরার পর যশোরের বেনাপোল পোর্ট থানার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মফিজুর রহমানকে (৭২) আটক করেছে পুলিশ।
শুক্রবার (২০ মার্চ) সন্ধ্যায় বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট প্যাসেঞ্জার টার্মিনালের সামনে থেকে তাকে আটক করা হয়। তিনি বেনাপোল পোর্ট থানার ধান্যখোলা গ্রামের বাসিন্দা এবং বাহাদুরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
বেনাপোল চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা এম শাখাওয়াত হোসেন জানান, মফিজুর রহমানের নাম ইমিগ্রেশনের ‘স্টপলিস্টে’ ছিল না। তিনি গত ১২ ফেব্রুয়ারি চিকিৎসার জন্য ভারতে গিয়েছিলেন এবং দেশে ফেরার সময় ইমিগ্রেশন কার্যক্রম শেষে বের হওয়ার মুহূর্তে তাকে আটক করা হয়।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফ হোসেন বলেন, গত ৩ ফেব্রুয়ারি থানায় দায়ের করা একটি গুরুতর ফৌজদারি মামলার প্রেক্ষিতে তাকে আটক করা হয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
এর আগে ২০২৫ সালের ৪ মে রাতে যশোরের ঝিকরগাছা উপজেলার একটি ভাড়া বাসা থেকে মফিজুর রহমানসহ সাতজন আওয়ামী লীগ ও যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছিল পুলিশ। ওই মামলায় তিনি জামিনে ছিলেন। নতুন মামলায় তাকে পুনরায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
0 Comments