দেশজুড়ে দুর্ঘটনায় শোক, কারণ অনুসন্ধান ও ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

সিবি ডেক্স: কুমিল্লা, ফেনী, হবিগঞ্জ, জামালপুরসহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক দুর্ঘটনায় বহু মানুষের হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী জানান, এসব দুর্ঘটনার নেপথ্য কারণ দ্রুত উদ্ঘাটনে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ও স্থানীয় প্রশাসনের সঙ্গে একাধিকবার কথা বলেছেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে আহতদের সুচিকিৎসা নিশ্চিত এবং নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

কুমিল্লার বাস-ট্রেন দুর্ঘটনার কারণ নির্ণয়ে ইতোমধ্যে তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এর মধ্যে রেলওয়ে কর্তৃপক্ষ দুটি এবং জেলা প্রশাসন একটি কমিটি গঠন করেছে। প্রতিটি কমিটিকে ৭২ ঘণ্টার মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। দায়িত্বে অবহেলার অভিযোগে ইতোমধ্যে কয়েকজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে আরও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এছাড়া ফেনী, হবিগঞ্জ ও জামালপুরসহ অন্যান্য স্থানে আহতদের দ্রুত সুস্থতা কামনা করে তাদের চিকিৎসা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, ঈদের আনন্দঘন সময়ে এ ধরনের দুর্ঘটনা অত্যন্ত বেদনাদায়ক ও উদ্বেগজনক। প্রতিটি জীবন মূল্যবান এবং প্রতিটি মৃত্যু অপূরণীয় ক্ষতি। তিনি নিহতদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

তিনি আরও বলেন, জনগণের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। রেলক্রসিং ব্যবস্থাপনা, সেতুর নিরাপত্তা এবং সামগ্রিক পরিবহন ব্যবস্থার দুর্বলতা চিহ্নিত করে জরুরি ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশনা দেওয়া হয়েছে।

Post a Comment

0 Comments