নাগেশ্বরীতে পারিবারিক কলহে ছেলের আঘাতে বাবার মৃত্যু, ছেলে আটক

সিবি ডেক্স: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় পারিবারিক কলহের জেরে ছেলের হাতে বাবাকে হত্যার ঘটনা ঘটেছে। রোববার (২২ মার্চ) দুপুরে উপজেলার সন্তোষপুর ইউনিয়নের নিলুরখামার কাটটারী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল খালেক (৫৫) ওই গ্রামের বাসিন্দা। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তার ছেলে আসাদুজ্জামান মানিক (২৯)-কে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে ভুরুঙ্গামারী এলাকায় বিয়ে করেন মানিক। বিয়ের পর থেকে স্ত্রীর সঙ্গে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। এতে তিনি মানসিকভাবে অস্থির হয়ে পড়েন বলে জানা গেছে।

রোববার দুপুর সাড়ে ১২টার দিকে পারিবারিক বিষয় নিয়ে বাবা-ছেলের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে ঘরে থাকা একটি শাবল দিয়ে বাবার মাথায় আঘাত করেন মানিক। এতে ঘটনাস্থলেই আব্দুল খালেকের মৃত্যু হয়।

ঘটনার পর স্থানীয়দের সহায়তায় পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত মানিককে আটক করে।

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হিল জামান জানান, অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, তিনি মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Post a Comment

0 Comments