উত্তরায় গ্যাস লিকেজ বিস্ফোরণ: নারী-শিশুসহ একই পরিবারের ১০ জন দগ্ধ

রাজধানীর উত্তরার কামারপাড়া এলাকায় একটি বাসার গ্যাস পাইপলাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় নারী ও শিশুসহ ১০ জন দগ্ধ হয়েছেন।

শুক্রবার (৬ মার্চ) ভোরে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে সকালে দগ্ধদের ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

দগ্ধরা হলেন— রুবেল (৩০), তার অন্তঃসত্ত্বা স্ত্রী সোনিয়া আক্তার (২৫), তাদের মেয়ে রোজা (৩), সোনিয়ার বড় বোন রিয়া (২৭), রুবেলের চাচাতো ভাই এনায়েত (৩২), তার স্ত্রী দেলেরা (২৮), তাদের ছেলে জুনায়েদ (১০), এনায়েতের ছোট ভাই হাবিব (৩০), এনায়েতের ভাগনি আয়েশা (১৯) এবং রুবেল (৩৫)।

এনায়েতের ভাগিনা সাজেদ মাতব্বর জানান, দ্বিতীয় তলার বাসাটিতে রুবেল-সোনিয়া দম্পতি থাকতেন। রুবেল মোটরসাইকেল রাইড শেয়ার চালক। এনায়েত দুবাই প্রবাসী এবং কিছুদিন আগে দেশে ফিরেছেন। তাদের বাড়ি মাদারীপুরের শিবচর উপজেলায়।

তিনি জানান, এনায়েত পরিবার নিয়ে গ্রাম থেকে বেড়াতে এসে চাচাতো ভাই রুবেলের বাসায় উঠেছিলেন। ভোরে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। তখন ভবনের নিচতলা ও দ্বিতীয় তলার দেয়াল ভেঙে যায় এবং বাসায় থাকা ১০ জনই দগ্ধ হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় ১০ জন রোগী হাসপাতালে আনা হয়েছে। তাদের চিকিৎসা চলছে। ড্রেসিং করার পর কে কত শতাংশ দগ্ধ হয়েছেন তা নির্ধারণ করা যাবে।

Post a Comment

0 Comments