রাজধানীজুড়ে ১৭৭১ ঈদ জামাত, প্রধান জামাত সাড়ে ৮টায় ঈদগাহে

সিবি ডেক্স: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানী ঢাকায় এ বছর মোট ১ হাজার ৭৭১টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এর মধ্যে ১২১টি ঈদগাহ ও ১ হাজার ৫৯৯টি মসজিদে নামাজ আদায়ের ব্যবস্থা রাখা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার জাতীয় ঈদগাহ ময়দানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানান, ঈদের জামাতকে ঘিরে সমন্বিত ও সুদৃঢ় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

রাজধানীর হাইকোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহ ময়দানে প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। এতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন। আবহাওয়া প্রতিকূল হলে সকাল ৯টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে প্রধান জামাত অনুষ্ঠিত হবে।

জাতীয় ঈদগাহে ইমামতি করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক। বিকল্প ইমাম হিসেবে প্রস্তুত থাকবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফাসসির ড. মাওলানা মো. আবু ছালেহ পাটোয়ারী। এখানে প্রায় ৩৫ হাজার মুসল্লির নামাজের ব্যবস্থা রাখা হয়েছে, যার মধ্যে সাড়ে তিন হাজার নারী মুসল্লির জন্য আলাদা সুবিধা নিশ্চিত করা হয়েছে।

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সকাল ৭টা, ৮টা, ৯টা, ১০টা ও পৌনে ১১টায় পাঁচটি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশনের উদ্যোগে আগারগাঁওয়ের পুরোনো বাণিজ্য মেলার মাঠে সকাল ৮টায় এবং জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় একই সময়ে ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে সকাল ৮টা ও ৯টায় দুটি জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া পুরান ঢাকার বিভিন্ন মসজিদ ও মাঠে ভিন্ন ভিন্ন সময়ে ঈদের জামাতের আয়োজন করা হয়েছে।

ঢাকার বাইরে চট্টগ্রামের জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদে সকাল ৮টা ও পৌনে ৯টায় দুইটি জামাত অনুষ্ঠিত হবে। কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহে সকাল ১০টায় দেশের অন্যতম বৃহৎ ঈদ জামাত অনুষ্ঠিত হবে, যেখানে নিরাপত্তায় বিজিবি মোতায়েন থাকবে।

দিনাজপুরের গোর-এ-শহীদ বড় মাঠে সকাল ৯টায় এবং বগুড়া কেন্দ্রীয় ঈদগাহে সকাল ৮টায় প্রধান জামাত অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, সারাদেশে ঈদ জামাত শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

Post a Comment

0 Comments