সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা: ৪৯ ঘণ্টা পর উদ্ধার মিরাজের মরদেহ

সিবি ডেক্স: রাজধানীর সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে বুড়িগঙ্গা নদীতে তলিয়ে যাওয়ার দীর্ঘ ৪৯ ঘণ্টা পর মিরাজ ফকিরের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। শুক্রবার (২০ মার্চ) সন্ধ্যা পৌনে ৭টার দিকে কেরানীগঞ্জের লবণের মিল সংলগ্ন বুড়িগঙ্গা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

ঢাকা অঞ্চলের নৌ-পুলিশ সুপার আব্দুল্লাহ আল-মামুন জানান, উদ্ধার করা মরদেহ স্বজনরা শনাক্ত করেছেন এবং বর্তমানে মিডফোর্ট হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এ ঘটনায় মিরাজ ফকিরের ছেলে সোহেল ফকির (২২) ঘটনাস্থলেই নিহত হন এবং সোহেলের স্ত্রী রুবা ফকির (২০) গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নৌ-পুলিশ সূত্রে জানা গেছে, এ ঘটনায় মিরাজ ফকিরের বড় ভাই সিরাজ ফকির বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলার এজাহারভুক্ত পাঁচজন আসামিকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। তারা দুই লঞ্চের স্টাফ ও পরিচালনার সঙ্গে যুক্ত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে সদরঘাটে ঢাকা-ইলিশা রুটের ‘আসা যাওয়া-৫’ লঞ্চে ট্রলার দিয়ে যাত্রী ওঠানোর সময় পেছন থেকে ‘এমভি জাকির সম্রাট-৩’ লঞ্চটি ধাক্কা দেয়। এতে ধাক্কা দেওয়া লঞ্চের সামনের অংশের আঘাতে অপেক্ষমাণ লঞ্চে থাকা যাত্রীরা ক্ষতিগ্রস্ত হন এবং রুবা ফকির নদীতে পড়ে যান।

পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে তাকে হাসপাতালে নিয়ে যান। ঘটনার পর নৌ-পুলিশ তদন্ত শুরু করে এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

Post a Comment

0 Comments