সিবি ডেক্স: বঙ্গোপসাগরের মোহনায় মাছ ধরতে গিয়ে ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবে বেচু মাঝি (৭০) নামে এক জেলের মৃত্যু হয়েছে। পরে প্রায় দুই ঘণ্টা সাঁতরে নদীতে থাকা অন্য জেলেদের সহায়তায় বাবার মরদেহ তীরে নিয়ে আসেন তার দুই ছেলে শাহিন ও শাকিল।
শুক্রবার (২০ মার্চ) সন্ধ্যায় চরফ্যাশন উপজেলার চরকুকরী-মুকরী ইউনিয়নের চরপাতিলা পূর্বপাশে মেঘনা ও সাগরের মোহনায় এ ঘটনা ঘটে। নিহত বেচু মাঝি দক্ষিণ আইচা থানার চরমানিকা গ্রামের মৃত মজিবুল হকের ছেলে।
স্বজনদের বরাত দিয়ে দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসান কবির জানান, বৃহস্পতিবার সকালে দুই ছেলে শাহিন ও শাকিলকে সঙ্গে নিয়ে মাছ ধরতে সাগরে যান বেচু মাঝি। শুক্রবার সন্ধ্যায় বাড়ি ফেরার পথে হঠাৎ ঝড়ো বাতাস শুরু হলে তাদের নৌকাটি উল্টে যায়।
নৌকা ডুবে গেলে তিনজনই সাঁতরে প্রাণ বাঁচানোর চেষ্টা করেন। দুই ছেলে বৃদ্ধ বাবাকে ধরে রেখে তীরে ফেরার আপ্রাণ চেষ্টা চালান। কিন্তু দীর্ঘ সময় ঢেউয়ের সঙ্গে লড়াইয়ের একপর্যায়ে বেচু মাঝি নিস্তেজ হয়ে পড়েন। তবুও বাবাকে হাতছাড়া না করে প্রায় দুই ঘণ্টা সাঁতরাতে থাকেন তারা। পরে নদীতে থাকা অন্য জেলেরা তাদের দেখতে পেয়ে এগিয়ে এসে সহায়তা করলে বাবার মরদেহ তীরে আনতে সক্ষম হন দুই ভাই।
শনিবার (২১ মার্চ) সকালে পারিবারিক কবরস্থানে বেচু মাঝির দাফন সম্পন্ন হয়েছে।
স্থানীয়রা জানান, পরিবারটি অত্যন্ত দরিদ্র। নদীতে মাছ ধরেই তাদের সংসার চলত। ঈদের খরচ জোগাতে সাগরে গিয়েছিলেন তারা। কিন্তু সেই আশা পরিণত হয়েছে শোকে।
এ বিষয়ে উপজেলা প্রশাসনের বক্তব্য জানতে সহকারী কমিশনার (ভূমি) এমাদুল হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
0 Comments