সিবি ডেক্স: জামালপুরের দেওয়ানগঞ্জে একটি ড্রাম ব্রিজ ভেঙে ঈদে ঘুরতে যাওয়া শতাধিক মানুষ ব্রহ্মপুত্র নদে পড়ে যাওয়ার ঘটনায় তিন শিশুর মৃত্যু হয়েছে এবং আরও দুই শিশু নিখোঁজ রয়েছে।
শনিবার (২১ মার্চ) বিকেলে দেওয়ানগঞ্জ থানার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—কালুরচর এলাকার শের আলীর ছেলে আব্দুল মোতালেব (৬) ও মেয়ে খাদিজা (১২) এবং ডাকাতিয়াপাড়ার জয়নালের মেয়ে মায়ামনি (১০)।
স্থানীয় সূত্রে জানা যায়, ঈদ উপলক্ষে প্রতি বছর ওই ব্রিজ ও আশপাশ এলাকায় মানুষের ব্যাপক সমাগম হয়। এবারও ঈদের দিন বিকেলে সেখানে বিপুলসংখ্যক মানুষ জড়ো হন। দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা ব্রিজটি অতিরিক্ত চাপ সহ্য করতে না পেরে হঠাৎ ভেঙে পড়ে।
এতে ব্রিজে থাকা শতাধিক মানুষ নদীতে পড়ে যান। তাদের মধ্যে অনেকেই সাঁতার কেটে তীরে উঠতে পারলেও কয়েকজন শিশু পানির স্রোতে ভেসে যায়। ঘটনাস্থলেই তিন শিশুর মৃত্যু হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা উদ্ধার অভিযান শুরু করেন। এখনও দুই শিশু নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
দেওয়ানগঞ্জ ফায়ার সার্ভিসের লিডার মুবিন খান বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধার কাজ চলমান রয়েছে এবং নিখোঁজদের সন্ধানে চেষ্টা অব্যাহত আছে।
0 Comments