সিবি ডেক্স: ঢাকাই চলচ্চিত্রের এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। পর্দা থেকে কিছুটা দূরে থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত নিজের ব্যক্তিজীবন ও অনুভূতি শেয়ার করেন তিনি।
রোববার (২২ মার্চ) বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক আবেগঘন পোস্টে তিনি জানান, হঠাৎ করে মৃত্যুভয় তাকে তাড়িয়ে বেড়াচ্ছে। পোস্টে তিনি লিখেছেন, যেকোনো সময় নিজের কিংবা আশপাশের মানুষের মৃত্যু হতে পারে—এমন অনুভূতি তাকে ভীষণভাবে নাড়া দিচ্ছে। খুব কাছ থেকে কারও মৃত্যু দেখার অভিজ্ঞতা তাকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলেছে বলেও উল্লেখ করেন তিনি।
মাহির এমন পোস্ট সামাজিক মাধ্যমে প্রকাশের পর সহকর্মী ও ভক্তদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। অনেকে তার খোঁজখবর নেওয়ার চেষ্টা করেন এবং মানসিকভাবে শক্ত থাকার পরামর্শ দেন।
তার পোস্টে চিত্রনায়ক কাজী মারুফ মন্তব্য করে জীবনের অনিশ্চয়তার কথা উল্লেখ করেন। জবাবে মাহি জানান, তিনি প্রকৃত অর্থেই মানসিকভাবে আঘাতপ্রাপ্ত।
তবে কী ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি এমন পোস্ট দিয়েছেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি। তাকে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। তার পোস্টে জীবনের অনিশ্চয়তা নিয়ে গভীর দুশ্চিন্তার প্রতিফলন দেখা গেছে।
0 Comments