ইসরায়েলে ৪০০ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ইরানের, ৯২ শতাংশ প্রতিহত দাবি

সিবি ডেক্স: ইরানের সঙ্গে চলমান যুদ্ধে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে এখন পর্যন্ত ৪০০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে তেহরান। রোববার (২২ মার্চ) ইসরায়েলের সেনাবাহিনীর এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে এসব ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। তবে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এসব হামলার ৯২ শতাংশই আকাশে ধ্বংস করতে সক্ষম হয়েছে বলে দাবি করা হয়েছে।

ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল নাদাভ শোশানি জানান, ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করার ক্ষেত্রে বড় ধরনের সাফল্য অর্জন করেছে তাদের বাহিনী এবং প্রতিরোধের হার প্রায় ৯২ শতাংশ।

এর মধ্যে শনিবার দক্ষিণ ইসরায়েলের দুটি শহরে ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত হানলে প্রায় ১৮০ জনের চিকিৎসাসেবা প্রয়োজন হয় বলে জানিয়েছে ইসরায়েল।

এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু চলমান এই যুদ্ধে বিশ্বনেতাদের সক্রিয় সমর্থন ও অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন। দক্ষিণ ইসরায়েলের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনকালে তিনি বলেন, ইরান কেবল ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের জন্য নয়, বরং ইউরোপসহ বৈশ্বিক নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠেছে।

তিনি আরও বলেন, হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়া এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সক্ষমতা প্রদর্শনের মাধ্যমে ইরান আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ও বিভিন্ন অঞ্চলের বেসামরিক নিরাপত্তাকে ঝুঁকির মধ্যে ফেলছে। এ অবস্থায় বিশ্বের অন্যান্য দেশকে আরও সক্রিয়ভাবে এই অভিযানে যুক্ত হওয়ার আহ্বান জানান তিনি।

Post a Comment

0 Comments