সিবি ডেক্স: সরকারি চালের অর্থ আত্মসাতসহ নানা অনিয়মের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুষ্টিয়া জেলা ও কুমারখালী উপজেলা শাখার দুই নেতাকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে।
শুক্রবার রাতে জেলা শাখার প্রধান সমন্বয়কারী জান্নাতুল ফেরদৌস টনির স্বাক্ষরিত দলীয় প্যাডে এ নোটিশ দেওয়া হয়। শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, জেলা শাখার জ্যেষ্ঠ যুগ্ম সমন্বয়কারী ইবাদত আলী এবং কুমারখালী উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী হেলাল উদ্দিনকে শোকজ করা হয়েছে। তাদের সাত কর্মদিবসের মধ্যে লিখিতভাবে জবাব দিতে বলা হয়েছে।
নোটিশে অভিযোগ করা হয়, তারা সরকারি বরাদ্দের চালের অর্থ আত্মসাৎ করেছেন এবং নির্বাচনের সময় দলীয় নীতিমালা লঙ্ঘন করে অন্য রাজনৈতিক দলের কাছ থেকে আর্থিক সুবিধা নিয়েছেন।
অভিযোগ অস্বীকার করে হেলাল উদ্দিন দাবি করেন, দুই টন চাল বিক্রি করে ৭১ হাজার টাকা পাওয়া যায়। এর মধ্যে ২৯ হাজার টাকা দিয়ে শাড়ি-লুঙ্গি কেনা হয়েছে এবং ৫ হাজার টাকা ইফতার পার্টিতে দেওয়া হয়েছে। অবশিষ্ট ৩৭ হাজার টাকা জেলা ও স্থানীয় নেতাকর্মীরা তার কাছ থেকে গ্রহণ করেছেন বলে তিনি উল্লেখ করেন। তিনি আরও দাবি করেন, ব্যক্তিগত স্বার্থে কিছু নেতা তাকে দল থেকে সরাতে ষড়যন্ত্র করছেন।
জেলা সমন্বয়কারী জান্নাতুল ফেরদৌস টনি বলেন, বিভিন্ন সূত্রে অভিযোগ পাওয়ায় সঠিক হিসাব যাচাইয়ের জন্য শোকজ করা হয়েছে। ৩৭ হাজার টাকা গ্রহণের বিষয়ে তিনি জানান, তার উপস্থিতিতে কুমারখালীর নেতাকর্মীরা ওই অর্থ নিয়েছেন। এছাড়া অন্য কোনো অনিয়ম আছে কি না, তা জানতে লিখিত ব্যাখ্যা চাওয়া হয়েছে।
0 Comments