ঈদযাত্রায় পদ্মা-যমুনা সেতুতে যানবাহন ও টোল আদায়ে রেকর্ড

সিবি ডেক্স: ঈদযাত্রাকে কেন্দ্র করে দেশের গুরুত্বপূর্ণ দুই সেতু পদ্মা সেতু ও যমুনা সেতুতে যানবাহন পারাপার এবং টোল আদায়ে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। শুক্রবার সকালে সেতু কর্তৃপক্ষের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছরের ১৭ থেকে ১৯ মার্চ পর্যন্ত তিন দিনে পদ্মা সেতু দিয়ে মোট ১ লাখ ১৯ হাজার ৬৮২টি যানবাহন পারাপার হয়েছে। যা গত বছরের একই সময়ে ১ লাখ ৮০২টির তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। এই তিন দিনে টোল আদায় হয়েছে ১৩ কোটি ২১ লাখ ৫১ হাজার ৮০০ টাকা। গত বছর একই সময়ে টোল আদায় হয়েছিল ১২ কোটি ৭৮ হাজার ৪০০ টাকা। ফলে যানবাহন পারাপার ও টোল আদায়—উভয় ক্ষেত্রেই নতুন রেকর্ড গড়েছে পদ্মা সেতু।

অন্যদিকে, যমুনা সেতুতেও একদিনে সর্বোচ্চ যানবাহন পারাপারের রেকর্ড ভেঙেছে। ১৮ মার্চ একদিনেই ৫১ হাজার ৩৮৪টি যানবাহন সেতুটি অতিক্রম করে, যা ২০২৫ সালের সর্বোচ্চ ৪৮ হাজার ৩৬৮টির রেকর্ড ছাড়িয়ে গেছে। ওইদিন টোল আদায় হয় ৩ কোটি ৫১ লাখ ৮২ হাজার ৬০০ টাকা, যা আগের বছরের একদিনে সর্বোচ্চ টোল আদায়ের পরিমাণকেও ছাড়িয়ে গেছে।

সংশ্লিষ্টরা জানান, এবারের ঈদযাত্রায় যানবাহনের চাপ বেশি থাকলেও কোথাও বড় ধরনের দুর্ঘটনা বা দীর্ঘস্থায়ী যানজটের সৃষ্টি হয়নি। কার্যকর ব্যবস্থাপনা ও নিবিড় নজরদারির কারণে সড়ক যোগাযোগ স্বাভাবিক রাখা সম্ভব হয়েছে।

ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে সেতু কর্তৃপক্ষ একাধিক পদক্ষেপ গ্রহণ করে। এর মধ্যে রয়েছে দক্ষ টোল কালেক্টর নিয়োগ ও প্রশিক্ষণ, সার্বক্ষণিক টোল লেন চালু রাখা, মোটরসাইকেলের জন্য পৃথক লেন বৃদ্ধি, নন-স্টপ ইটিসি চালু, মাওয়া ও এলেঙ্গা বাস বে উন্মুক্তকরণ, সার্ভেইল্যান্স ক্যামেরার মাধ্যমে ট্রাফিক মনিটরিং, জরুরি সহায়তা ও স্বাস্থ্যসেবা প্রদান এবং দুর্ঘটনা প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার করা।

সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ জানান, সরকারের সার্বিক দিকনির্দেশনা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত প্রচেষ্টার ফলে এবারের ঈদযাত্রা নিরাপদ ও স্বস্তিদায়ক হয়েছে। ভবিষ্যতেও আধুনিক ও কার্যকর সড়ক ব্যবস্থাপনা নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

Post a Comment

0 Comments