নোয়াখালী-৬ আসনে বিএনপি কর্মীকে কুপিয়ে জখম, পাল্টা হামলায় নির্বাচনি কার্যালয় ভাঙচুর

সিবি ডেক্স: নোয়াখালী-৬ (হাতিয়া) সংসদীয় আসনে এক বিএনপি কর্মীকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার জেরে বিক্ষুব্ধ নেতাকর্মীরা জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী আবদুল হান্নান মাসউদের নির্বাচনি কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালিয়েছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে হাতিয়া উপজেলার চানন্দি ইউনিয়নের শিউলি একরাম বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন হাতিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম।

আহত বিএনপি কর্মীর নাম জসিম উদ্দিন (৪৭)। তিনি চানন্দি ইউনিয়নের শরিয়তপুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে এবং ওই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক।

গুরুতর আহত অবস্থায় জসিম উদ্দিনকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের জরুরি বিভাগের একজন চিকিৎসক জানান, তার বুকে ও পিঠে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে এবং অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে অস্ত্রোপচার থিয়েটারে নেওয়া হয়েছে।

স্থানীয় বাসিন্দা ও আহত জসিম উদ্দিনের ভাষ্য অনুযায়ী, সন্ধ্যার পর চানন্দি ইউনিয়নের শিউলি একরাম বাজারে কয়েকজন মিলে তারা অবস্থান করছিলেন। রাত আনুমানিক ৮টার দিকে নৌবাহিনীর একটি টহল দল সেখানে গেলে সবাই বাজার এলাকা ত্যাগ করে। ওই সময় দিদার হোসেন নামে এক ব্যক্তি চাপাতি দিয়ে তাকে কুপিয়ে জখম করেন। পরে নৌবাহিনীর সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।

জসিম উদ্দিন দাবি করেন, অভিযুক্ত দিদার হোসেন এনসিপির প্রার্থী ও ১১ দলীয় জোটের প্রার্থী আবদুল হান্নান মাসউদের সমর্থক।

এই ঘটনার পর হাতিয়ার সোনাদিয়া ইউনিয়নে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী হান্নান মাসউদের নির্বাচনি কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালানো হয়।

এ বিষয়ে এনসিপি নেতাদের বক্তব্য জানার চেষ্টা চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

Post a Comment

0 Comments