ফকিরাপুলে জামায়াত-শিবিরের সশস্ত্র অবস্থানের অভিযোগ মির্জা আব্বাসের

সিবি ডেক্স: রাজধানীর ফকিরাপুল এলাকায় জামায়াত-শিবিরের কর্মীরা সশস্ত্র অবস্থানে রয়েছে—এমন অভিযোগ করেছেন ঢাকা-৮ আসনের বিএনপি প্রার্থী মির্জা আব্বাস। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ উত্থাপন করেন।

মির্জা আব্বাস বলেন, নির্বাচনের আগের রাতেই বিভিন্ন এলাকায় দলবদ্ধভাবে ঘোরাফেরা করছে এনসিপি ও জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। তারা কোথায় গিয়ে কী করছে, তা স্পষ্ট নয়। তবে জনগণ ও বিএনপির নেতাকর্মীরা কয়েকটি জায়গায় তাদের প্রতিহত করেছেন এবং অনেক স্থানে তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে বলেও দাবি করেন তিনি।

নির্বাচনী সহিংসতার আশঙ্কা প্রকাশ করে বিএনপি প্রার্থী জানান, ফকিরাপুল ও আরামবাগ এলাকার বিভিন্ন মেস ও হোস্টেলে জামায়াত-শিবিরের কর্মীরা সশস্ত্র অবস্থান নিয়েছে। তার অভিযোগ, এসব কর্মী আগামীকাল ভোট কেন্দ্রে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, রাত ১১টার পর তারা যদি আবারও ভোট কেন্দ্রে যাওয়ার চেষ্টা করে, তাহলে পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে।

একই সঙ্গে নিজের নির্বাচনী আসনে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’-এর পূর্বপরিকল্পনা ছিল বলেও অভিযোগ করেন মির্জা আব্বাস। তিনি বলেন, তার আসন নিয়ে অনেক আগ থেকেই ষড়যন্ত্র চলছে এবং কারচুপির আশঙ্কার কথা তিনি আগেই সংশ্লিষ্টদের জানিয়েছেন। তবে বিএনপির পক্ষ থেকে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

Post a Comment

0 Comments