চার দিনে কক্সবাজারে ১৫ লাখ ইয়াবা উদ্ধার

সিবি ডেক্স: স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে সালাহউদ্দিন আহমদ দায়িত্ব নেওয়ার পর কক্সবাজারে মাদকবিরোধী অভিযানে নতুন গতি এসেছে। সীমান্তবর্তী এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর পৃথক অভিযানে চার দিনে উদ্ধার হয়েছে ১৫ লাখ ৩০ হাজার ইয়াবা, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫০ কোটি টাকা। এসব ঘটনায় এক নারীসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) ভোরে ৩৪ বিজিবির অভিযানে ৮০ হাজার ইয়াবাসহ বছির আহম্মেদ (৫০) নামের এক রোহিঙ্গাকে আটক করা হয়। এর আগের রাতে সীমান্ত পিলার-৩৬ সংলগ্ন এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ২ লাখ ৫০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম জানান, ঘুমধুম ও বাইশফাঁড়ী বিওপির টহলদল পৃথক দুটি অভিযান চালায়। তিনি বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান রোধেও বিজিবি সমানভাবে তৎপর এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এর আগে ১৮ ফেব্রুয়ারি উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) পৃথক অভিযানে ৯ লাখ ৮০ হাজার ইয়াবা উদ্ধার করে। টেকনাফের হ্নীলা ও হোয়াইক্যং বিওপিতে পরিচালিত অভিযানে প্রায় ২৯ কোটি ৪০ লাখ টাকা মূল্যের এ চালান জব্দ হয়। উখিয়া ব্যাটালিয়নের কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, সাম্প্রতিক সময়ে এটি সবচেয়ে বড় ইয়াবা উদ্ধারের ঘটনা।

অন্যদিকে রামু থানা পুলিশ নম্বরবিহীন একটি মিনি ট্রাক ধাওয়া করে ১ লাখ ৫০ হাজার ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করে। এছাড়া পৃথক অভিযানে ৭০ হাজার ইয়াবাসহ এক নারীকে তার বসতবাড়ি থেকে আটক করা হয়। রামু থানার ওসি মনিরুল ইসলাম বলেন, মাদক কারবারিদের দমনে পুলিশ নিয়মিত অভিযান অব্যাহত রেখেছে।

গত ১৭ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-1 আসন থেকে নির্বাচিত হয়ে সংসদ সদস্য হিসেবে শপথ নেন সালাহউদ্দিন আহমদ। একই দিন তিনি রাষ্ট্রপতির কাছ থেকে মন্ত্রী হিসেবে শপথ নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব নেওয়ার পর সচিবালয়ে আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে সীমান্ত দিয়ে মাদক ও অস্ত্র চোরাচালান রোধে কঠোর নির্দেশনা দেন তিনি।

স্থানীয়দের মতে, কক্সবাজারের মানুষ হওয়ায় সীমান্তকেন্দ্রিক চোরাচালানের জটিলতা সম্পর্কে তার ধারণা রয়েছে। ফলে তাকে ঘিরে প্রত্যাশা যেমন বেড়েছে, তেমনি প্রশাসনের ওপরও চাপ বৃদ্ধি পেয়েছে। জেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, নতুন স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর সীমান্ত রুট, রাতের নৌ চলাচল এবং রোহিঙ্গা ক্যাম্প ঘিরে সন্দেহজনক গতিবিধি মোকাবিলায় নতুন পরিকল্পনা নেওয়া হয়েছে।

Post a Comment

0 Comments