লাথিতে স্কুলছাত্র নিহত, খালে ফেলে লাশ; প্রতিবেশী গ্রেপ্তার

বরিশালের হিজলা উপজেলার চরবিশোর গ্রামে এক স্কুলছাত্রকে লাথি মেরে হত্যার পর লাশ খালে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। শুক্রবার সকালে ঘটনাটি ঘটে।
নিহত ১২ বছর বয়সী আরিফ রাঢ়ী একই এলাকার বাসিন্দা আনিছ রাঢ়ীর ছেলে। এ ঘটনায় অভিযুক্ত মোশারফ বয়াতি (২৬), যিনি প্রতিবেশী শাহজালাল বয়াতির ছেলে, তাকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার তারেক আমান বান্না।
পুলিশের বরাত দিয়ে তিনি জানান, বৃহস্পতিবার এশার নামাজের আগে আরিফ অভিযুক্ত মোশারফের ঘরে যায়। তখন মোশারফ খাটে শুয়ে ছিলেন। আরিফ তাকে নামাজে যাওয়ার জন্য ডাকলে তিনি উঠতে রাজি হননি। এ সময় আরিফ তাকে একটি চড় দিলে ক্ষিপ্ত হয়ে মোশারফ আরিফের বুকে লাথি দেন। এতে ঘটনাস্থলেই আরিফের মৃত্যু হয়। পরে মোশারফ তার লাশ বাড়ির পাশের খালে ফেলে দেন।
শুক্রবার সকাল ৮টার দিকে আরিফের লাশ খালের পাড়ে পড়ে থাকতে দেখে স্বজনরা। সন্দেহভাজন হিসেবে মোশারফকে জিজ্ঞাসাবাদ করলে তিনি হত্যার বিষয়টি স্বীকার করেন।
পুলিশ জানিয়েছে, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। এ ঘটনায় মোশারফকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি তার মাকেও পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তবে এখনো মামলা হয়নি; মামলায় তাকে আসামি করা হলে তার মাকেও গ্রেপ্তার দেখানো হবে বলে জানিয়েছে পুলিশ।

Post a Comment

0 Comments