Recents in Beach

ব্রেকিং নিউজ

রোহিঙ্গা ক্যাম্পে শফির গহীন পাহাড়ি আস্তানা! গ্রেনেড-মাইনসহ গ্রেপ্তার

সিবি ডেক্স: কক্সবাজারের টেকনাফে রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন গহীন পাহাড় থেকে শীর্ষ রোহিঙ্গা ডাকাত মো. শফিকে (২৮) গ্রেপ্তার করেছে র‌্যাব। এ সময় তার আস্তানা থেকে গ্রেনেড, মাইন, আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ গুলি উদ্ধার করা হয়েছে।

শফি টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়ার ২৬ নম্বর রেজিস্টার্ড রোহিঙ্গা আশ্রয়শিবিরের সি ব্লকের দীল মোহাম্মদের ছেলে। তার বিরুদ্ধে হত্যা, অপহরণ, অস্ত্র ও ডাকাতিসহ অন্তত ২১টি মামলা রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

সোমবার (২৮ জুলাই) রাত ১১টার দিকে নয়াপাড়া ক্যাম্পসংলগ্ন পশ্চিম পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-১৫। মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে কক্সবাজারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‌্যাব-১৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. কামরুল হাসান।

তিনি জানান, অভিযানের সময় শফি র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে। তার সহযোগীরা র‌্যাবকে লক্ষ্য করে ৪–৫ রাউন্ড গুলি ছোড়ে। পাল্টা গুলিবিনিময়ের পর শফিকে গ্রেপ্তার করা হয়।

পরে তার দেওয়া তথ্য অনুযায়ী পাহাড়ি আস্তানা থেকে উদ্ধার করা হয়—

১টি ওয়ান শুটার গান

২টি একনলা বন্দুক

১টি এলজি

১০টি এন্টি পারসোনাল মাইন

১০টি ডেটোনেটর

৫০ রাউন্ড রাইফেলের তাজা গুলি

৫৩ রাউন্ড রাইফেলের খালি খোসা

৬ রাউন্ড শর্টগানের খালি খোসা

৩টি গ্রেনেড

৭৬৯ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস)


র‌্যাব জানায়, উদ্ধারকৃত গ্রেনেড ও মাইনগুলো নাশকতা বা বড় ধরনের হামলার উদ্দেশ্যে মজুত করা হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি এই চক্রের অন্য সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

Post a Comment

0 Comments